নরসিংদী-৫ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের মনোনয়ন ফরম সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক, রায়পুরা | ২৪ ডিসেম্বর, ২০২৫
আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট আলেম ও জননেতা মাওলানা জাহাঙ্গীর আলম।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় রায়পুরা উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফরম সংগ্রহের পর মাওলানা জাহাঙ্গীর আলম উপস্থিত সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, “রায়পুরার গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। দীর্ঘ সময় ধরে আমরা এ অঞ্চলের মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। যদি ভোটের পরিবেশ সঠিক থাকে, তবে নরসিংদী-৫ আসনটি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উপহার দেওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।