নিজস্ব প্রতিবেদক, রায়পুরা
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। আজ সকালে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের জেষ্ঠ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, “জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং রায়পুরাবাসীর উন্নয়ন ও সেবার লক্ষ্যেই আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় থাকলে এই আসনে ধানের শীষের জয় নিশ্চিত ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, এলাকার সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আগামী নির্বাচনে জয়ী হয়ে রায়পুরাকে একটি আধুনিক ও তিলোত্তমা উপজেলা হিসেবে গড়ে তুলতে চান।