নরসিংদীর রায়পুরা উপজেলার অন্যতম প্রধান ঐতিহ্য, ১৫০ বছরের পুরনো ‘বাদশাহভোগ’ মিষ্টিকে জিআই (Geographical Indication) পণ্য হিসেবে নিবন্ধনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। রায়পুরার নিজস্ব ব্র্যান্ডিং এবং এই সুস্বাদু মিষ্টির গৌরব বিশ্বজুড়ে ছড়িয়ে দিতেই এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রায় দেড় শতাব্দী ধরে রায়পুরার কারিগরদের নিপুণ হাতে তৈরি হচ্ছে এই বাদশাহভোগ। স্বাদ ও গুণমানের কারণে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এর ব্যাপক চাহিদা রয়েছে। খাঁটি ছানা আর বিশেষ রন্ধনশৈলীর কারণে এই মিষ্টি অন্যান্য মিষ্টি থেকে আলাদা। স্থানীয়রা মনে করেন, জিআই স্বীকৃতি পেলে এই পণ্যটি তার নিজস্বতা বজায় রেখে বিশ্ববাজারে পরিচিতি পাবে।
রায়পুরা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই মিষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট এবং গুণগত মান যাচাই করে জিআই আবেদনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো রায়পুরার ঐতিহ্যকে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিকভাবে নতুনভাবে তুলে ধরা।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা মনে করেন, বাদশাহভোগ মিষ্টি জিআই সনদ পেলে রায়পুরার অর্থনৈতিক চিত্র বদলে যাবে এবং পর্যটন ও বাণিজ্যে এক নতুন মাত্রা যোগ হবে।







